সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ গোলে হারের দায় নিলেন বাটলার

১০ গোলে হারের দায় নিলেন বাটলার
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের ফুটবল দলের যাত্রা শুরু হয়েছে বড় হতাশা দিয়ে। নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন হারের পর আবারও প্রশ্নের মুখে পড়েছেন প্রধান কোচ পিটার বাটলার। তবে দলের এমন বিপর্যয়ের দায় নিজের কাঁধেই নিয়েছেন এই ইংলিশ কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য মিয়ানমারের বিপক্ষে ম্যাচ। উত্তর কোরিয়ার কাছে এক গোল কিংবা ১০ গোলের ব্যবধানে হার—দুটোকেই তিনি একইভাবে দেখছেন। এমনকি দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাটলার বলেন, ‘আমাদের মূল প্রতিপক্ষ মিয়ানমার। এই ম্যাচে এক গোলে হারাও যা, দশ গোলে হারাও তাই। এমনকি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এমন হতে পারে।’

তবে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের এই দলই উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করেছিল। অথচ এদিন প্রথম ৬০ মিনিটেই ৯ গোল হজম করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

দলের এমন ব্যর্থতার পরও দায় এড়াননি বাটলার। বরং খেলোয়াড়দের মাঠে নামানো ও কৌশলের দায়িত্ব নিজের বলে স্বীকার করেছেন তিনি।

বাটলার বলেন, ‘অবশ্যই, আমি দায় নিচ্ছি। মেয়েরা আমার নির্দেশনায় খেলেছে। ফলে দায়ও আমার নিতে সমস্যা নাই।’

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে এ ম্যাচে শুরু থেকেই একাদশে রাখেননি বাটলার। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ও সিনিয়র ফুটবলাররা মাঠে নামার পর বাংলাদেশের খেলায় কিছুটা পরিবর্তন দেখা যায়। তারুণ্য ও অভিজ্ঞতার পার্থক্যও স্বীকার করেছেন কোচ।

এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘১৫ বছর বয়সীও একজন খেলেছেন। তারুণ্য ও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে।’

এর আগেও ম্যাচ হারের পর মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে বাটলারকে। উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হারের পরও তার ব্যতিক্রম হয়নি। এবারও মাঠের বাইরের কিছু বিষয়ে নিজের নিয়ন্ত্রণ না থাকার কথা জানিয়েছেন তিনি।

বাটলার বলেন, ‘আমি মাঠের বিষয়ে নিয়ন্ত্রণ বা দায় নিতে পারি। মাঠের বাইরেও কিছু ঘটছে। সেটার নিয়ন্ত্রণ আমার কাছে নেই।’

উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এখন বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ মিয়ানমার ম্যাচ। সেই ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান জানান দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়