উত্তরায় পার্কিং করা বাসে আগুন
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল। এ সময় চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে যান। ওই অবস্থায় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় এবং সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। বাসে কোনো যাত্রী না থাকায় প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।



























