রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকায় দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত দ্বীন ইসলাম ইমন তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বরগুনা জেলার সদর থানার আব্দুল হাকিমের ছেলে। রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তার ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ইমন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।