রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের জন্য যে পরামর্শ দিলেন দুঙ্গা

ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের জন্য যে পরামর্শ দিলেন দুঙ্গা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ শিরোপা অধরাই থেকে গেছে ব্রাজিলের জন্য। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও ২০০২ সালের পর আর ট্রফির স্বাদ পায়নি সেলেসাওরা। তবে ১৯৯৪ বিশ্বকাপে দুই যুগ পর ব্রাজিলকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক দুঙ্গা বিশ্বাস করেন, সঠিক মানসিকতা আর নিখুঁত প্রস্তুতিই পারে আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের পথে ফেরাতে।

আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে দুঙ্গা বলেছেন, বিশ্বকাপ জিততে হলে দুনিয়ার সবকিছু ভুলে পুরো মনোযোগ দিতে হবে শুধু ফুটবলে। তাঁর মতে, এই টুর্নামেন্ট মানেই ত্যাগ আর একাগ্রতার পরীক্ষা।

আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও অংশ নেবে। তবে প্রায় দুই দশক ধরে শিরোপার দেখা না পাওয়ায় দলটির ওপর বাড়তি চাপ থাকছেই।

দুঙ্গার মতে, বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই। তিনি বলেন,
“যখন কোনো দেশ বিশ্বকাপ জেতে, তখন তারা এমন কিছু কাজ করে যা অন্যরা করে না। অনুশীলনের আগেই আপনাকে ম্যাচ জিততে হবে—আপনার পরিকল্পনায়, আপনার প্রস্তুতিতে।”

১৯৯৪ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে দুঙ্গা জানান, সে সময়ও প্রতিপক্ষ দলগুলোর বিশ্লেষণে ঘাটতি ছিল না। পার্থক্য ছিল শুধু প্রযুক্তি ও সময়ের।
“এখন অনেকেই মনে করেন আমরা তখন বিশ্লেষণ করিনি, কিন্তু তা ঠিক নয়। তখন টিভি সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হতো। এরপর কোচ কার্লোস আলবের্তো পারেইরা, সহকারী কোচ মারিও জাগালো ও টিম ম্যানেজার আমেরিকো ফারিয়া প্রতিটি দলের শক্তি ও দুর্বলতা নিয়ে তথ্য সংগ্রহ করতেন।”

তিনি আরও বলেন, শুধু বিশ্লেষণ করলেই হবে না, সেটাকে মাঠে কাজে লাগাতে হবে।
“প্রতিপক্ষ সম্পর্কে যা শিখবেন, যদি সেটা ম্যাচে প্রয়োগ না করা যায়, তাহলে এত বিশ্লেষণের কোনো মূল্য নেই। প্রতিদিন উন্নতি করতে হবে। বিশ্বকাপ জিততে চাইলে যেকোনো দলের বিপক্ষে জেতার মানসিকতা ও সামর্থ্য থাকতে হবে।”

বিশ্বকাপে মনোযোগ ধরে রাখার বিষয়টিকে দুঙ্গা দেখছেন ত্যাগের প্রতীক হিসেবে।
“বিশ্বকাপ জিততে হলে দলের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে মূল্য দেওয়ার জন্য। এই ৩০ দিনের জন্য আপনাকে বাকি দুনিয়াকে ভুলে যেতে হবে। পরিবার, ব্যক্তিগত জীবন—সবকিছু পেছনে রেখে শুধু লক্ষ্যেই মন দিতে হবে। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু ট্রফি জিততে হলে এই ত্যাগ দরকার।”

আগামী ১১ জুন শুরু হবে এবারের ফিফা বিশ্বকাপ। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সর্বশেষ