রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

’নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা

’নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাৃঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় ইন্টারনেট খোলা থাকবে। তিনি স্পষ্ট করে জানান, “আমাদের পরিকল্পনা হলো ইন্টারনেট চালু রাখা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে  চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরনো একটি শব্দ। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন নির্বাচনটি প্রকৃত অর্থেই লেভেল প্লেয়িং ফিল্ডে অনুষ্ঠিত হয়।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আপনারা বলেন আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি না। দেখেন, এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিকের কথা বলানোই অনেক সময় কঠিন হয়ে যায়। সেখানে পুরো দেশের মানুষকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন, তা সহজেই বোঝা যায়।”

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে। তাদের প্রস্তুতি অনুযায়ী কাজ এগোতে পারলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণভাবে নিরপেক্ষ। এখানে কোনো ধরনের সমস্যা হবে না।”

সর্বশেষ