মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধে শিক্ষার্থীরা, তীব্র যানজটে ভোগান্তি

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধে শিক্ষার্থীরা, তীব্র যানজটে ভোগান্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ অবরোধ শুরু হয়।

অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় সড়কে আটকে পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবি, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করেছেন। তারা বলেন, এই সুপারিশ বাতিল না হলে আন্দোলন আরও কঠোর হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, “সহকারী প্রকৌশলী পদে দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পেয়ে আসছেন। কিন্তু বর্তমানে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ সিদ্ধান্ত বাতিল না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

এদিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, অবরোধের প্রভাব আশপাশের বিস্তীর্ণ এলাকায় পড়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সোনারগাঁও হোটেলের সামনের কানেক্টিং সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পার্শ্ববর্তী সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে চলাচল করছে।

সর্বশেষ