শনিবার ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ৭ মার্চ ২০২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে সায়েন্সল্যাব মোড় ও সাত রাস্তার মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা–মেয়ে এবং সিএনজিচালকসহ দুইজন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বের হয়েছিলেন। কেনাকাটা শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা।

পথে সায়েন্সল্যাব মোড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন।

পথে সাত রাস্তার মোড় এলাকায় অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে তা উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, দুর্ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ