বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীর আলম।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গুলশান বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



























