শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২ অক্টোবর ২০২৬

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় ওই বিমানকর্মী ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানকেও আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়