শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২ অক্টোবর ২০২৬

শাকিবের ‘মহব্বত’-এ পাকিস্তানি নায়িকা?

শাকিবের ‘মহব্বত’-এ পাকিস্তানি নায়িকা?
ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। নতুন এই সিনেমার নাম ‘মহব্বত’। ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিতব্য সিনেমাটির নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের চার জনপ্রিয় অভিনেত্রীর নাম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে পরিচালক হিমেল আশরাফ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। ঘোষণায় জানানো হয়, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে এই সিনেমায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় আছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও চলছে বলে জানা গেছে। এ ছাড়া ভারতের দুজন জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে।

তবে সম্ভাব্য নায়িকাদের মধ্যে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হবে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। তাঁরা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা জানতে অপেক্ষা করতে হবে সেই ঘোষণার জন্য।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শুটিং শেষ করে ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সমন্বয়ে নির্মিত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় ভিনদেশি অভিনয়শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমা ‘মহব্বত’-এও বিদেশি কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই তিনজনের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার টেলিভিশন অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা।

অন্যদিকে, এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। দুই সিনেমাতেই ভিন্ন দেশের অভিনয়শিল্পীদের উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।

এবার ‘মহব্বত’-এও কি সেই ধারাবাহিকতা বজায় থাকবে? শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে, নাকি চূড়ান্ত তালিকায় থাকছে অন্য কোনো চমক—এখন সেই উত্তর জানার অপেক্ষায় দর্শকরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়