মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, ইউপিএলের দুই কর্মী আটক, পরে মুক্ত

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, ইউপিএলের দুই কর্মী আটক, পরে মুক্ত
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রটির দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাবাজারের ইউপিএল বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশের মধ্যস্থতায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর বিক্রি না করার শর্তে দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে ছেড়ে দেওয়া হয়।

ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চান। তাদের চাহিদা অনুযায়ী বইটি বের করে দেওয়ার পর তারা সেটি বিক্রি করা নিয়ে আপত্তি তোলেন। এ সময় তারা বইটি নিষিদ্ধ বলেও দাবি করেন।

একপর্যায়ে ওই দুই যুবক আশপাশের আরও কয়েকজনকে সেখানে জড়ো করেন। পরে তারা বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তাতে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তুলে নিয়ে আটকে রাখা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।

ওসি জানান, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি ভবিষ্যতে বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও জানানো হয়নি।

এদিকে ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সরকার নিষিদ্ধ ঘোষণা করলে আমরা বই সরিয়ে নিতে বাধ্য হবো। কিন্তু সরকার এমন কোনও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা নিজেরা কোনও বই বাজার থেকে সরাব না।’

তিনি বলেন, ‘শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এসেছে। কিন্তু আমরা কোনও বই বাজার থেকে সরাইনি। কারণ, বই প্রকাশের পেছনে আমাদের শ্রম ও বিনিয়োগ রয়েছে। সরকার আইন অনুযায়ী নিষিদ্ধ করলে অবশ্যই আমরা তা সরিয়ে নেবো।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়