বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা
রাজধানীর বাংলামোটরে পূর্ববিরোধের জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলা মোটর মোড়ের পুরাতন পাম্পের গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত অবস্থায় সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে সোহানের সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন।
পরে সাইমন ঘটনাস্থলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সেখান থেকে চলে যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, আহত সোহানের বাসা রাজধানীর ৬২/এ, নিউ ইস্কাটন এলাকায়।
এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল করছেন।



























