জেমসের কনসার্টে বিশৃঙ্খলা, ব্যবস্থাপনা নিয়ে দর্শকদের ক্ষোভ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কনসার্টের মূল আকর্ষণ নগরবাউলের জেমস ও তার দল মঞ্চে ওঠার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা ও আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শক-শ্রোতাদের অনেকে।
কনসার্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দর্শকরা।
বিভিন্ন ব্যান্ডভিত্তিক গ্রুপেও এ নিয়ে নানা পোস্ট দেখা যায়। এসব পোস্টে টিকিট ছাড়াই অনেকের কনসার্টস্থলে প্রবেশের অভিযোগ তোলা হয়।
একজন লিখেছেন, ‘কনসার্টের গেট ভাঙার জন্য ঢাকার মানুষেরা সেরা।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও কনসার্টস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র দেখা যায়। এ সময় কিছু দর্শককে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়।
একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, কনসার্টের ব্যবস্থাপনা ঠিক ছিল না। তার অভিযোগ, টিকিট ছাড়াই অনেক মানুষ ভেতরে প্রবেশ করেছেন।
ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে কনসার্টের বেষ্টনি ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখা যায়। কয়েকজনকে সেই বেষ্টনি টপকে ভেতরে প্রবেশের চেষ্টাও করতে দেখা গেছে।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এর মধ্যে কিছু পাথর তাদের শরীরেও লেগেছে বলে দাবি করেন তারা।
এক দর্শকের অভিযোগ, আয়োজকদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া কনসার্টস্থলে মাদক নিয়ে প্রবেশ, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগও তুলেছেন কয়েকজন।
এ পরিস্থিতিতে টিকিট কিনে কনসার্ট দেখতে যাওয়া দর্শকদের অনেকেই আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কনসার্টস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় বলে জানা গেছে।
তবে কনসার্টে বিশৃঙ্খলা, নিরাপত্তাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের কোনো বক্তব্য বা বিবৃতি এখনো পাওয়া যায়নি।



























