শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ ১৬

কক্সবাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ ১৬
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি নবনির্মিত এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ‘এন আলম’ নামে নতুন স্থাপিত একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে আশপাশে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। রাত ১০টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতার একটি গ্যাস ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। ট্যাংকের গ্যাস সম্পূর্ণ শেষ হওয়ার পরই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

রাত আনুমানিক তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফিলিং স্টেশনটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মধ্যরাতে সাংবাদিকদের সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না এবং গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুকতাগিন মাহমুদ সোহেল বলেন, ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত সাতজনকে চট্টগ্রাম এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এদিকে কক্সবাজার সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

সর্বশেষ