‘ফেসবুক লাইভে’ এসে তরুণীর আত্মহত্যা
রাজশাহীতে প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপের জেরে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর লক্ষীপুর কাদের মন্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজিনা সরকার পাখি (২১) নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী নগরীর ওই এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
পুলিশ জানায়, পাখির সঙ্গে ভারতের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দেন।
একটি পোস্টে তিনি লেখেন, “আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।” এর কয়েক ঘণ্টা আগে তিনি লিখেছিলেন, “আজকে আমার শেষ দিন… আল্লাহ মাফ করুক… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।” মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেক পোস্টে ছিল, “বিদায় এই সুন্দর পৃথিবী।”
পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগ মুহূর্তে তিনি “আই লাভ ইউ” ও “আই মিস ইউ” লিখে পোস্ট দেন এবং পরে ফেসবুক লাইভেও আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে।
ওসি হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রেমঘটিত কোনো বিষয় জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।



























