শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিআরটি লেনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘আলোকিত মধুপুর’ নামের একটি বাস ঢাকা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুতগতিতে বাসের সামনে এসে বাসের নিচে ঢুকে পড়ে। এসময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।

তাৎক্ষণিক মহাসড়কের মাঝখানে লেনের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভোগড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছে বলে জানা গেছে। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

নগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘর্ষকালে মোটরসাইকেলের ফুয়েল লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।