শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১৪ মার্চ ২০২৬

টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দরে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। টানা ১০ দিন বন্দর বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

এ সময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। বর্তমানে রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত দিনগুলোতে কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

সর্বশেষ