বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:০৪, ১৮ মার্চ ২০২৬

যমুনা সেতু দিয়ে এক দিনে ৪৭ হাজার যানবাহন পারাপার

যমুনা সেতু দিয়ে এক দিনে ৪৭ হাজার যানবাহন পারাপার
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে ঘিরে ঘরে ফেরার ঢল নামতে শুরু করেছে। প্রিয়জনের সঙ্গে উৎসব কাটাতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ, আর এতে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। যানবাহনের চাপ বাড়লেও এখনো স্বস্তির খবর—কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয় পাশেই ২টি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদা রাখা হয়েছে।

তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।