শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২০ মার্চ ২০২৬

জামায়াত এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ

জামায়াত এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এঘটনা ঘটে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কুষ্টিয়া-৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে এমপির সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের লোকজন রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন নাগরিক প্রতিদিন-কে জানান, ‘পারিবারিক বিরোধের জেরে এঘটনা ঘটেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার মুখপাত্র অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, ‘ঘটনার সময় এমপি এলাকায় ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পরে দুর্বৃত্তরা হামলা চালায়।’ এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।