যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ঢাকার সঙ্গে টাঙ্গাইলকে সংযুক্ত করা যমুনা সেতুতে বর্তমানে যানবাহন স্বাভাবিক হলেও অনেকটা ফাঁকা অবস্থায় চলছে। শেষ মুহূর্তে প্রিয়জনের টানে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫,৬১০টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে ৩ কোটি ২৭ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, গত রাত থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অনেকটা ফাঁকা। কিছু দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি প্রচুর ব্যক্তিগত গাড়ি পারাপার হয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ঢাকাগামী ১৩,৭১৫টি যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। একই সময়ে উত্তরবঙ্গগামী ৩১,৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ’ টাকা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম থাকলেও পুলিশ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, ঈদের আগের দিন যানবাহনের সংখ্যা অত্যন্ত কম থাকে। যমুনা সেতুর দুই পাশে মোট ৯টি করে বুথ, মোট ১৮টি টোল বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশে ২টি করে বুথে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। টোল বুথ সার্বক্ষণিক চালু রাখার চেষ্টা করা হচ্ছে।



























