রোববার ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৯ মার্চ ২০২৬

সারা দেশে আজও কম-বেশি বৃষ্টির আভাস

সারা দেশে আজও কম-বেশি বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কম-বেশি বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এ অবস্থায় আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৫৩ মিলিমিটার।