রোববার ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২৯ মার্চ ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের ঢাকামুখী যাত্রা শুরু হওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এর ফলে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল হিসেবে আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।

রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬টি, যেগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে একই সময়ে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়। তবে রাজধানীমুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় গত কয়েক দিনে সেতুর ওপর একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।