বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ৪ জুন ২০২৬

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আল আমিনসহ (২৩) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকার মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

আরও যাদের গ্রেপ্তার করা হয়েছে- মো. আল আমিন (২৩), মো. দুলু রহমান (২৪), মো. হাসান (২৭), মো. ফয়সাল আহাম্মদ (২০) এবং জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৮৮ ধারায় নন এফআইআর মামলা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কারও কাছ থেকে মাদক পাওয়া যায়নি। মাদক পাওয়া গেলে অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হতো।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, মাদকসহ গ্রেপ্তারের বিষয়ে বিভিন্নজনের কাছ থেকে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তবে মাদক উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ