বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ১৪ জুলাই ২০২৬

অনলাইন জুয়ার ফাঁদে সর্বস্বান্ত, দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা 

অনলাইন জুয়ার ফাঁদে সর্বস্বান্ত, দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা 
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ার আসক্তি, ব্যবসায় লোকসান ও বিপুল দেনার চাপে বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার ও স্থানীয়রা।

সোমবার (১৩ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিপুল চন্দ্র রায় ওই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ডাকাডাকির পরও বিপুলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বিপুলের সঙ্গে কারও কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল না। তবে কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চুপচাপ থাকতেন এবং সবসময় চিন্তিত দেখাত। তার স্ত্রী জানান, রাতে ঠিকমতো ঘুমাতেন না তিনি। দুই দিন আগে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যেতে রাজি হননি।

স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীরা জানান, বিপুলের ব্যবসা একসময় ভালো চললেও সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ব্যবসায় লোকসান বাড়তে থাকে এবং ধারদেনাও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার কারণে তার প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়েছিল। এছাড়া ব্যবসার মূলধন এবং ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য রাখা টাকাও হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তবে অনলাইন জুয়া এবং প্রায় ১৮ লাখ টাকার দেনার বিষয়টি পরিবার ও স্থানীয়দের দাবি। এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয়