বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ জুলাই ২০২৬

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়!

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়!
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কানে কামড় দিয়ে যখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। 

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে ফুলা জখম রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে টিকে গ্রুপের একটি প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন তিনি। বিকেলে ড্রেজারের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে তাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে যান। সেখানে এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘একপর্যায়ে এই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম, তা বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে বিএনপির এই নেতা জানান, ‘সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়