রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতাররা হলেন—কালুখালীর মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া গ্রামের কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য।
বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই নারীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



























