মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ২৪ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ
ছবি: সংবাদ পরিক্রমা

সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন-সংক্রান্ত (SEC) ঘটনা তদন্ত, ভুক্তভোগীদের ট্রমা ও মানসিক প্রতিক্রিয়া এবং শিশুবান্ধব বিচারিক প্রক্রিয়া বিষয়ে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের নারী পুলিশ কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তার অংশগ্রহণে “Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

Association for Community Development (ACD)-এর উদ্যোগে এবং Free A Girl Nederland ও ZEEMAN-এর আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটির আয়োজন করা হয়। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল যৌন শোষণ ও নির্যাতন-সংক্রান্ত ঘটনা তদন্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, নির্যাতনের শিকার শিশু ও ভুক্তভোগীদের ট্রমা ও মানসিক প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান এবং শিশুদের জন্য সংবেদনশীল ও শিশুবান্ধব বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার সাওন রেজা, প্রোজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার এবং এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাস। 

দিনব্যাপী প্রশিক্ষণে যৌন শোষণ ও নির্যাতন-সংক্রান্ত ঘটনা তদন্তের বিভিন্ন দিক, ভুক্তভোগীর ট্রমা ও মানসিক প্রতিক্রিয়া, ভিক্টিমহুড, ভুক্তভোগী ও শিশুর প্রতি সংবেদনশীল আচরণ এবং সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুবান্ধব আদালত কক্ষ ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক এবং এসব ক্ষেত্রে বাস্তবভিত্তিক করণীয় তুলে ধরা হয়। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা শিশু ও নারী ভুক্তভোগীদের সুরক্ষা, মর্যাদা ও গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় তাদের প্রতি সহানুভূতিশীল ও শিশুবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীদের প্রয়োজনীয় সেবা, সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভুক্তভোগীদের প্রতি মানবিক ও সংবেদনশীল আচরণ এবং আইনগত প্রক্রিয়াকে আরও শিশুবান্ধব করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে যৌন শোষণ ও নির্যাতনের শিকার শিশু ও নারী ভুক্তভোগীদের কার্যকর সুরক্ষা, ন্যায়বিচার এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়