পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় শেষ পর্যন্ত তাঁরা ভারতে ফিরে গেছেন।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মালকাডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ওই সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টা হলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বাধা দেন। পরে ওই সাতজন সীমান্তের কাছাকাছি অবস্থান করেন। দিনভর সেখানে অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাঁরা একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।
বুধবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ একজন নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করতে ব্যর্থ হয়েছে।



























