জেদ্দায় বহুতল ভবনে আগুন, দোহারের দুই প্রবাসী নিহত
সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ঢাকার দোহার উপজেলার একই গ্রামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর তামানিন এলাকার তামান ইন আখের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে ওবায়দুল ইসলাম। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর তামান ইন আখের এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল সেখানে আটকা পড়েন।
খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত পলাশ ও ওবায়দুলের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
দুই প্রবাসীর মৃত্যুর খবর তাদের গ্রামের বাড়ি উত্তর শিমুলিয়ায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
নিহত মহিউল ইসলাম পলাশের ছোট ভাই হাসান জানান, তাদের বাবা নাজিম উদ্দিন প্রায় এক বছর আগে মারা গেছেন। পলাশের নয় বছর বয়সী একটি মেয়ে ও তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা দ্রুত পলাশ ও ওবায়দুলের মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।



























