সীমান্তে দুর্গাপূজা ঘিরে ৫৬ বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্গাপূজা ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক টহল পরিচালনা করবে ৫৬ বিজিবি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
এ বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং সদর দপ্তরের আশপাশের পূজামণ্ডপগুলোতে নিবিড়ভাবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পূজার নিরাপত্তায় বিজিবির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার দিনগুলোতে ২৪ ঘণ্টা টহল দল মাঠে মোতায়েন থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেলও চালু করা হয়েছে।



























