কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের ৫ যাত্রীর
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী মারা গেছেন। মৃতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। এ দুর্ঘটনায় এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।



























