সাতক্ষীরায় আলোচিত শামীম হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করেন।
গত ১৩ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেবহাটায় গণপিটুনির শিকার হয়ে মারা যান ওয়াহিদুজ্জামান শামীম (৩৮)। তিনি দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।
এ ঘটনায় নিহত শামীমের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করে। এবার মামলার প্রধান আসামি আমিনীকে গ্রেপ্তার করা হলো।



























