ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে জনসাধারণকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষিত রাখতে হবে।
আজ শনিবার দিনাজপুর মেডিকেল কলেজের (দিমেক) মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু জ্বর সম্পর্কে ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে আরও বেশি করে তথ্য তুলে ধরতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণের মধ্যে এবং ব্যক্তিগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি থেকে ডেঙ্গু মশার বংশবিস্তার ঘটে। ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে জনসচেতনতামূলক আলোচনা করতে হবে।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ মো. সাদেক আলীর সভাপতিত্বে সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা উপস্থিত ছিলেন।



























