শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ অক্টোবর ২০২৬

তালায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ

তালায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ
ছবিঃ প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি করেছেন সাংবাদিকেরা। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশও প্রশ্নবিদ্ধ হয়। 

বক্তারা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেশাদার উপায়ে তার প্রতিবাদ বা ব্যাখ্যা দিতে পারে। কিন্তু সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

ডা. মিজানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের তথ্য 

মানববন্ধনে বক্তারা ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁদের দাবি, চাকরির প্রায় ১০ বছরে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।
বক্তারা জানান, ডা. মিজানুর রহমান এর আগে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরাদেশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। দপ্তরাদেশ নম্বর ৪৫.৪০.০০০০.০০২, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৪। 

মানববন্ধন থেকে ডা. মিজানুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকেরা।

সর্বশেষ

জনপ্রিয়