রৌমারীতে পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১২, সিপিসি-২, পাবনার একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর বেলা পৌনে ২টার দিকে রৌমারী উপজেলার শিবেরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৮১১) যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮) নিহত হন। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামের আরও এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক লুৎফর শেখ পালিয়ে আত্মগোপনে যান। পরে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চর রাজিবপুরের বাসিন্দা সুরমান আলী (৬৫) বাদী হয়ে ১৮ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, দুর্ঘটনার পরদিন মামলা করা হয়। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার ট্রাকচালককে আদালতে পাঠানো হবে।



























