পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার (দুদকে সংযুক্ত) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।



























