বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:২৬, ২৮ অক্টোবর ২০২৬

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থেকে সেলুন ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে ছুরিকাঘাত করা হয়। পরে একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সূচিত্রার অভিযোগ, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। সম্প্রতি টাকা দেওয়া ও চুল কাটা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

নিহতের পরিবারের আরও অভিযোগ, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস হয়েছিল। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর সাদ্দাম পালিয়ে দক্ষিণ হবিরবাড়ী এলাকায় চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়