প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরাদের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই পোশাক উৎপাদনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম এবং দেশের প্রতি প্রতিষ্ঠানটির আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। এ সময় বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন গ্রহণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়েও একমত হন উভয় পক্ষ। চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানের পক্ষে বৈঠকে আরও অংশ নেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।



























