আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ ২৮ অক্টোবর। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর অবস্থানে গ্রেনেড হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থান ধ্বংস করেন সিপাহি হামিদুর রহমান। অভিযান শেষে ফেরার পথে শত্রুপক্ষের গুলিতে তিনি শহীদ হন।
হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন তিনি। বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
ধলাই সীমান্তে তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে চা-বাগানের মধ্যে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাঁর জীবনসংগ্রাম তুলে ধরতে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত স্থান দেখতে প্রতিবছর দেশি-বিদেশি দর্শনার্থীরা সেখানে যান।
প্রতিবছর ২৮ অক্টোবর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর বীরত্ব ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে মুক্তি, সাহস ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।



























