বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ অক্টোবর ২০২৬

লিবিয়ায় বন্দিদশা থেকে মুক্ত ৩৬ বাংলাদেশি, দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়ায় বন্দিদশা থেকে মুক্ত ৩৬ বাংলাদেশি, দেশে ফিরলেন ১৭৪ জন
ছবিঃ সংগৃহীত

লিবিয়ায় সাগর থেকে আটকের পর বন্দিদশায় থাকা ৩৬ বাংলাদেশিসহ মোট ১৭৪ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের মানবিক সহায়তায় দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সাগর থেকে আটকের পর ৩৬ বাংলাদেশিকে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি রাখা হয়েছিল। বাকি ১৩৮ জন ত্রিপলীর ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে দেশে ফেরা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে তাঁদের সচেতন করেন। তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশ যাওয়ার কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর বিরূপ প্রভাব তাঁদের পরিবার ও সমাজের ওপরও পড়ে।

রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ করেন।

দূতাবাস জানায়, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা কাজ করছে। এর ধারাবাহিকতায় আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়