বগুড়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে এসআই প্রত্যাহার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. আনছার আলীকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমাস আলী। এর আগে সোমবার রাতে তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন অভিযুক্ত এসআই আনছার আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে ওই নারীর স্বামীর করা একটি অভিযোগ তদন্ত করতে তাঁর বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাঁদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই পুলিশ কর্মকর্তা।
পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গত ৮ অক্টোবর তিনি বগুড়ার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) অভিযোগকারীর বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় তিনি কিছু ভিডিও ও কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ হিসেবে জমা দিয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ওই নারীর নিয়মিত যাতায়াত বা উপস্থিতির বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিভাগীয় ও আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



























