বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৮ অক্টোবর ২০২৬

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে উচ্চাভিলাষী মন্তব্যের পর এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল নিয়ে চুক্তির প্রশংসা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি বন্দরের কাছে থাকা একটি তেলবাহী জাহাজ দেখিয়ে বলেন, সেটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা সমৃদ্ধ দেশে পরিণত হবে। একপর্যায়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এমনটা হওয়া সম্ভব। সে ক্ষেত্রে দেশটিতে প্রেসিডেন্টের পরিবর্তে গভর্নর নির্বাচনের কথাও বলেন তিনি।

ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, এই তেল যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেলবাহী চালানটি একটি বাণিজ্যিক চুক্তির আওতাভুক্ত; তাই এটিকে বিনা মূল্যের সরবরাহ হিসেবে উপস্থাপন করার দাবি নিয়ে প্রশ্ন রয়েছে।

এর আগে, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এরপর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছায়। আগস্টে দুই দেশের মধ্যে তেলসংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়। 

তবে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, তেল ও অর্থনৈতিক স্বার্থের তুলনায় গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। 

ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য নতুন নয়। এর আগে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ এবং পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে আনার কথাও বলেছেন। এসব বক্তব্যের বিরোধিতা করেছে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের নেতারা।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেলচুক্তিকে নিজের প্রশাসনের সাফল্য হিসেবে তুলে ধরছেন তিনি। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ

জনপ্রিয়