কমিশনার কার্যালয়ে পার্কিং করা বাসে আগুন
শুক্রবারের ছুটির দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রায় ফাঁকা ছিল। জুমার নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। এমন নিরিবিলি পরিবেশের সুযোগ নিয়ে কার্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ, আসন ও ইঞ্জিনের কভার পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুহূর্তেই বাস থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে। আগুনের তাপে জানালার কাচ ফেটে যাওয়ার শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দা ও চা-দোকানিদের তাৎপর্য এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ভেতরের পার্কিংয়ে দীর্ঘদিন ধরে বাসটি ছিল। দুপুরে কার্যালয় প্রায় জনশূন্য থাকার সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি আশপাশের চা-দোকানি ও স্থানীয় লোকজনের নজরে আসে। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রথমে নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের একটি পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট দুপুর ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ১টা ৩২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। আগুন আশপাশে ছড়াতে পারেনি। অন্য যানবাহন এবং কার্যালয় প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ ভবনগুলোর কোনো ক্ষতি হয়নি।



























