একদিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
বন্দর সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। একদিন বিরতির পর রোববার দুপুর ১২টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।
এরপর থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করে। অন্যদিকে, ভারত থেকে আসা পণ্য আনলোড করার পর দেশীয় ট্রাকে পণ্য লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। রোববারও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।



























