গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে আবারও বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। এ সময় কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুন এলাকার দিকে আসেন। পথে তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলমান ছিল।
পরিস্থিতি দেখে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির সদস্যরাও। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রোববার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল। তবে বিকেল ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
তিনি আরও বলেন, পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।



























