রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: পাপিয়া
বিএনপির কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই-রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের স্থান এ দেশে হতে পারে না এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে— এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।



























