সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ
সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও আপত্তির মুখে চট্টগ্রামে আয়োজিত ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনার ১৭ দিন আগেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে পরীমণির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল আয়োজকরা।
তবে সাংবাদিকের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিবাদ জানানো হয়।
পরীমণি গত শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এরপর জাতীয় পত্রিকার একজন প্রতিবেদক পোস্টটির মন্তব্যে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দৈনিক সমকালের সাংবাদিক রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁর মায়ের কাছেও ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে বিকল্প অতিথি নির্বাচন করা উচিত।
এ ঘটনার পর চট্টগ্রামের সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ আরও জোরালো হয়। সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে শেষ পর্যন্ত পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। ইতোমধ্যে তাঁকে বাদ দিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মানের প্রশ্নে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদের মুখে আয়োজকদের এ সিদ্ধান্ত চট্টগ্রামের সাংবাদিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।



























