সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নাশকতা প্রতিরোধে রাজনৈতিক সংগঠনগুলোর সতর্ক অবস্থান

চট্টগ্রামে নাশকতা প্রতিরোধে রাজনৈতিক সংগঠনগুলোর সতর্ক অবস্থান
ছবিঃ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্ভাব্য নৈরাজ্য, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম নগরীতে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার গভীর রাত থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। রাতভর পাহারা, মোটরসাইকেল মহড়া ও শোডাউনের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্টে তাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।

মঙ্গলবার ১০ নভেম্বর সকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগের উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। মহানগর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত র‍্যালিতে অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদ জানানো হয়। এ সময় যুব বিভাগের সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতেও মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরীর জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লাঠি হাতে পাহারা ও মহড়া দিতে দেখা যায় বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতাকর্মীদের। পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন।

অন্যদিকে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে নগরীর কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগও পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, সোমবার রাত থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সব মিলিয়ে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে রাজনৈতিক সংগঠনগুলোর মাঠপর্যায়ের তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতায় চট্টগ্রাম নগরজুড়ে বিরাজ করছে সতর্কতামূলক পরিস্থিতি।

সর্বশেষ

জনপ্রিয়