মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১০ নভেম্বর ২০২৬

কচুয়ায় ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের উদ্বোধন, সহজ হবে রক্তদাতা খোঁজা

কচুয়ায় ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের উদ্বোধন, সহজ হবে রক্তদাতা খোঁজা
ছবি: সংগৃহীত

রক্তদাতা খুঁজে পাওয়া সহজ করা এবং স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কচুয়ায় ‘রক্তখুঁজি’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল পাটোয়ারী। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনটির বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির পক্ষে বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস, উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করতে গিয়ে অনেক সময় রোগীর স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ‘রক্তখুঁজি’ ওয়েবসাইট চালুর ফলে প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটি সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মানবিক সেবায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করবে ‘রক্তখুঁজি’ ওয়েবসাইট।

জনপ্রিয়