চট্টগ্রামে স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারের মেয়াদ আরও ছয় মাস বাড়ল
স্বাস্থ্য মন্ত্রীর কাছে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি।
বৃহত্তর চট্টগ্রামের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা গ্রহণের দুর্ভোগ কমাতে স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রমের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ১০ অক্টোবর মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, আগামী ছয় মাসের মধ্যে সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবে। নতুন এই ডায়ালাইসিস সেন্টারের অবকাঠামো ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারের মেয়াদ ছয় মাস বাড়ানোর ফলে বৃহত্তর চট্টগ্রামের অসংখ্য কিডনি রোগী আপাতত নিয়মিত ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৩১ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু হলে এ অঞ্চলের কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়বে।
রোগীদের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং দীর্ঘমেয়াদি সংকটের স্থায়ী সমাধানে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



























